
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জলাশয় ভরাটের দায়ে এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেড নামক একটি শিল্পপ্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) মিরপুর উপজেলার মশান, বারুইপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম–এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি এসএস (SS) দ্বারা জলাশয় ভরাট কার্যক্রম চালিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক। মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার।
আইন লঙ্ঘনের দায়ে একটি নিয়মিত মামলা দায়ের করে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
প্রশাসন জানায়, পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










