কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঋণখেলাপি হওয়ার দায়ে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি স্পষ্ট বার্তা।
রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আপিল বিভাগের আজকের আদেশে জনগণের বিজয় হয়েছে। এটি জালিমের বিরুদ্ধে মজলুমের জয়। ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোট আদায় করে সংসদে যেতে পারবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ কঠোর জবাবের জায়গা হবে।”
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল করে নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট ও লিভ টু আপিল হাইকোর্ট ও আপিল বিভাগে খারিজ হয়।
রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ চূড়ান্ত আদেশ দেন। ফলে মঞ্জুরুল আহসান মুন্সী আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











