দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৯২৫ টাকা। ফলে এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার প্রেক্ষিতেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
-
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা
-
১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা
-
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা
এদিকে বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে সর্বশেষ ৩১ জানুয়ারি রাতে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, যা কার্যকর হয় ১ ফেব্রুয়ারি থেকে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে প্রায় ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











