বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ডাকসুর জিএস এস এম ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি নবদম্পতির একটি ছবি পোস্ট করে লেখেন, “বিবাহিতদের দলে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাইকে স্বাগতম! পরবর্তী সুপাত্র Shadik Kayem ভাই।”
জানা গেছে, জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজি জুআয়রিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ২০২৫ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট ও দলীয় সূত্র।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











