
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পাশাপাশি আশপাশের কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের পরপরই ইরানের উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










