কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান চায়ের দোকানে ঢুকে পড়লে রফিকুল আলম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল আলম ওই এলাকারই বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে মহাসড়কসংলগ্ন একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন।
নিহতের ভাগনে মাইনউদ্দিন হাসান জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে সোজা দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে রফিকুল আলম গুরুতর আহত হন। একই ঘটনায় রুহুল আমিন (৪৫) নামে স্থানীয় আরেক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে রফিকুল আলমের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, দুর্ঘটনায় রফিকুল আলমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পিকআপ ভ্যানটি আটক করেন। তবে পরে চালককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পিকআপ ভ্যানটি জিদ্দাবাজার এলাকায় রয়েছে।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে পিকআপ ভ্যানটি পুলিশের জিম্মায় নেওয়ার চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











