দেশের সব ব্যাংককে অফিসে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে সাশ্রয়ীভাবে পরিচালনার জন্য নতুন নির্দেশনা দিয়েছে Bangladesh Bank।
বুধবার (১১ মার্চ) জারি করা এক সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবহারের বিষয়ে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। দিনের আলো ব্যবহারে গুরুত্ব দিতে হবে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।
এ ছাড়া অফিসিয়াল গাড়ির ব্যবহার সীমিত করতে বলা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমানো এবং কর্মকর্তাদের গণপরিবহন বা যৌথভাবে গাড়ি ব্যবহারে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করতে হবে এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সংক্রান্ত পূর্বের নির্দেশনাও কঠোরভাবে অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ ব্যাংক সার্কুলার।a
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











