ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় দেশবাসী ও নেতাকর্মীদের হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে আংশিক বা খণ্ডিত বিশ্লেষণে বিভ্রান্ত না হয়ে সামগ্রিক চিত্র বিবেচনায় নেওয়া উচিত। তার দাবি, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান একটি শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর আস্থা রেখেছেন, যা একটি তাৎপর্যপূর্ণ জনসমর্থন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের বিভিন্ন রেকর্ড অতিক্রম করে দেশের অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে দুইটি আসন পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমানে দলটির প্রতি জনসমর্থন বৃদ্ধি পেয়েছে।
ডা. শফিকুর রহমান তার পোস্টে নেতাকর্মীদের শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে গঠনমূলক ভূমিকা রাখতে হবে এবং ভবিষ্যৎ নির্বাচনের জন্য সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, দলের এই পথচলা অব্যাহত থাকবে এবং ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জিত হবে।
সূত্র: ডা. শফিকুর রহমানের ভ্যারিফায়েড ফেসবুক পেইজ।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











