Home জাতীয়

জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

6
0
ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক অচলায়তন ভেঙে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার রাত সোয়া ৯টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারিত ভাষণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন।

ভাষণের শুরুতেই তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সদ্য সমাপ্ত নির্বাচন ভবিষ্যতে দেশের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে দেশ এক মহাবিপদ থেকে মুক্ত হয়েছিল। অচল রাষ্ট্রযন্ত্র সচল করার দায়িত্ব ছাত্রনেতারা তার ওপর অর্পণ করেছিলেন এবং ১৮ মাস দায়িত্ব পালনের পর আজ তিনি বিদায় নিচ্ছেন।

দায়িত্ব গ্রহণের সময় রাষ্ট্রযন্ত্রে সংকট, অনিয়ম ও আস্থাহীনতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গত ১৮ মাসে সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি অগ্রাধিকার নিয়ে সরকার কাজ করেছে। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বিজয়ী ও পরাজিত উভয় পক্ষকে অভিনন্দন জানান। হার-জিত গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে তিনি বলেন, পরাজিতদের ওপরও জনগণের আস্থা রয়েছে এবং তারা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে। মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির বিচারকে প্রতিহিংসামুক্ত রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের যাত্রা শেষ হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, একটি স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পূরণে তারা আন্তরিকভাবে কাজ করেছেন। সাফল্য-ব্যর্থতার মূল্যায়ন জনগণের ওপর ছেড়ে দিয়ে তিনি নতুন বাংলাদেশের জন্য সবার মঙ্গল কামনা করেন।

সূত্র: বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারিত ভাষণ।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here