ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। আজও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর মধ্যেই উত্তরাঞ্চলের জন্য নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকালে দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশজুড়ে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এ সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
শীত ও কুয়াশার কারণে বিশেষ করে উত্তরাঞ্চলের জনজীবনে ভোগান্তি অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।











