বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, তাকে ‘মাননীয় মন্ত্রী’ না বলে নাম ধরে ডাকলেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি নিজেকে জনগণের ‘কামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, “আপনারা যে মাননীয় মন্ত্রী বলেন, আমি কিন্তু জনগণের কামলা। মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে। জনগণ ভোট দিয়েছে কাজ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জনগণের কামলা হিসেবে তাদের কাজ করার জন্য নিয়োগ দিয়েছেন। কায়কোবাদ বললেই হবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে দেশের মুসলমানদের কাছে তার একটি আহ্বান রয়েছে। রমজান মাসের পবিত্রতা স্মরণ করে তিনি সবাইকে দুই রাকাত নফল নামাজ আদায় করে দেশের কল্যাণ ও সঠিক পথে পরিচালনার জন্য দোয়া করার অনুরোধ জানান।
ধর্মমন্ত্রী বলেন, “বাংলাদেশের মুসলমান ভাই-বোনেরা, এই রমজান অত্যন্ত পবিত্র মাস। আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, সহিহ বুঝ দান করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চালাতে পারি।”
তার এই বক্তব্যে দায়িত্ববোধ ও বিনয়ের প্রতিফলন ঘটেছে বলে উপস্থিত সাংবাদিকরা মন্তব্য করেন।
সূত্র:
চাঁদ দেখা কমিটির বৈঠক পরবর্তী ব্রিফিং
সাংবাদিকদের উপস্থিতিতে দেয়া বক্তব্য
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











