Home আন্তর্জাতিক

সীমান্তে কাঁটাতার: পশ্চিমবঙ্গকে হাইকোর্টের কড়া নির্দেশ

21
0
ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত আদালতের নির্দেশনা বিষয়ক চিত্র।
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্নে পশ্চিমবঙ্গ সরকারকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের।

ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেন–এর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদালত নির্দেশনায় স্পষ্ট করেন, যে সমস্ত জমির জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে অর্থ প্রদান করেছে, সেগুলো দ্রুত বিএসএফ-এর কাছে হস্তান্তর করতে হবে।

শুনানিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত থাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এ নিয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে আইনি জটিলতা তৈরি হয়। কেন্দ্রের অভিযোগ ছিল, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার জমি অধিগ্রহণ ও হস্তান্তরে গড়িমসি করছে।

এ বিষয়ে প্রধান বিচারপতি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত স্পষ্টভাবে জানান, শুধুমাত্র ‘সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট’ বা সামাজিক প্রভাব মূল্যায়নের অজুহাত দেখিয়ে জমি অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত করা যাবে না।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, প্রায় ১৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতোমধ্যে রাজ্য সরকারকে অর্থ দিয়েছে। যেসব এলাকায় এখনো মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে অধিগ্রহণ সম্ভব কিনা—সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকে হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল

সূত্র: দ্য টেলিগ্রাফ

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here