Home খেলা

ত্রয়োদশ সংসদ ভোটে বিএনপির জয়, ক্রীড়ায় নতুন আশা

8
0
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে ২১২টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন।

সংবিধান অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কার্যক্রম শুরু হবে।

নতুন সরকারের মন্ত্রিসভা গঠন নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘিরে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে চলছে জোর জল্পনা-কল্পনা। বিএনপির নির্বাচিত ২১২ জন সংসদ সদস্যের মধ্যে সরাসরি মাঠের খেলায় যুক্ত ছিলেন দুজন—চাঁদপুর-১ আসন থেকে জয়ী সাবেক ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন এবং সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তবে তারা অন্য মন্ত্রণালয়ের আলোচনায় রয়েছেন বলে জানা গেছে।

এদিকে জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার আলোচনায় রয়েছেন। পাশাপাশি আলোচনায় আছে ইশরাক হোসেন ও খুলনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আসগর লবির নাম।

আলী আসগর লবি অতীতে ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন। এছাড়া ২০০২-২০০৪ মেয়াদে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্বও পালন করেন। ক্রীড়াঙ্গনে তার অভিজ্ঞতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দৌড়ে তাকে এগিয়ে রেখেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

এর আগে বিএনপি সরকারের সময়ে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা ও ফজলুর রহমান পটল। নতুন সরকারের আমলে ক্রীড়া খাত কতটা অগ্রাধিকার পায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের ক্রীড়াপ্রেমীরা।

সূত্র: সংশ্লিষ্ট রাজনৈতিক ও ক্রীড়া সূত্র

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here