Home জাতীয়

দেড় বছরে এক কোটি চাকরির প্রতিশ্রুতি মির্জা ফখরুলের

10
0
ঠাকুরগাঁওয়ে নির্বাচনি পথসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে নির্বাচনি পথসভায় এক কোটি চাকরির প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যেই এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি ও দেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প ও নতুন কলকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি যুবকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি তাত্ত্বিক কথায় নয়, কাজে বিশ্বাস করে। রাজনীতি করবেন—করেন। কিন্তু মানুষের সামনে মিথ্যা বলবেন না।”

ধর্মীয় অনুভূতির অপব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, একটি পক্ষ ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তিনি স্পষ্ট করে বলেন, জান্নাত পাওয়া নির্ভর করে মানুষের আমল ও ভালো কাজের ওপর—কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার ওপর নয়। এ সময় তিনি চরমোনাই পীরের বক্তব্য উদ্ধৃত করে বলেন, জামায়াতে ইসলামী কোনো প্রকৃত ইসলামী দল নয়।

বিগত দিনের নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ১১৭টি মিথ্যা মামলা দেওয়া হয় এবং তাকে সাড়ে তিন বছর কারাভোগ করতে হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ বছর জেলে থাকতে হয়েছে এবং গত কয়েক বছরে ২০ হাজারের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সে লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি প্রতিশ্রুতি দেন—প্রত্যেক নাগরিকের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য বিশেষ কার্ড, ন্যায্যমূল্যে সার-বীজ-তেল সরবরাহ, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব সরকার নেবে।

পথসভায় এক কিশোর মির্জা ফখরুলকে তার জমানো টাকার একটি মাটির ব্যাংক উপহার দিলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

 

সূত্র

বিএনপি, নির্বাচনি পথসভা, দলীয় বক্তব্য ও স্থানীয় গণমাধ্যম।

 

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here