Home সারাদেশ

সৈয়দপুরে অর্থসহ আটক: বিএনপির উদ্বেগ

3
0

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ অর্থসহ এক জামায়াত নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনাকে গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোর অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে অভিহিত করেন।

মাহদী আমিন বলেন, নির্বাচনের কারণে যখন সব ব্যাংক ও ব্যবসায়িক লেনদেন কার্যত বন্ধ রয়েছে, তখন একজন জেলা পর্যায়ের শীর্ষ নেতা ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে অর্ধকোটিরও বেশি টাকা বহন করা অত্যন্ত রহস্যজনক। এই অর্থের উৎস ও উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, টানা চার দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পরও এত বিপুল অর্থ বহন কোনোভাবেই স্বাভাবিক ব্যবসায়িক প্রয়োজনে হতে পারে না। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী অবস্থানের কথা বলে, তাদের পক্ষ থেকে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চরম নৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক বলে দাবি করেন বিএনপির এ নেতা।

সৈয়দপুরের ঘটনাকে বৃহত্তর একটি ষড়যন্ত্রের অংশ দাবি করে মাহদী আমিন বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন এলাকায় অর্থসহ আরও ব্যক্তিকে আটকের খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার অপচেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান তিনি। বিএনপির বিজয় সুনিশ্চিত দেখেই একটি গোষ্ঠী অনৈতিক পথে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন।

সূত্র দৈনিক জনকণ্ঠ

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here