ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘করবো কাজ, গড়বো দেশ’ প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারের মূল স্লোগান— ‘সবার আগে বাংলাদেশ’।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন।
বিএনপি তাদের ইশতেহারকে পাঁচটি অধ্যায়ে বিভক্ত করেছে। ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে বাস্তবায়নের জন্য মোট ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেছে দলটি।
দলটির এবারের ইশতেহার ভিত্তি পেয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্রদর্শন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ওপর।
ইশতেহারে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণের নতুন দিনের সূচনা হবে। স্লোগান নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে— লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার এবং বৈষম্য নয় ন্যায্যতা।
৯টি প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি
ইশতেহারের ৯ প্রধান অঙ্গীকারে রয়েছে—
ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে দরিদ্র পরিবারকে মাসিক সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন শিক্ষানীতি ও প্রাথমিক শিক্ষায় মিড-ডে মিল চালু, তরুণদের কর্মসংস্থান ও স্টার্টআপ সহায়তা, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ।
পাঁচটি অধ্যায়ের মূল বিষয়
প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও সুশাসন, দ্বিতীয় অধ্যায়ে সামাজিক উন্নয়ন ও বৈষম্য নিরসন, তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণ এবং পঞ্চম অধ্যায়ে ধর্ম, সংস্কৃতি ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ন্যায়, মানবিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে তাদের রাজনীতির কেন্দ্রবিন্দু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এতে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র
এমএন
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











