Home জাতীয়

মোদিকে আমন্ত্রণ, ভাবছে বিএনপি: শপথে

7
0
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ উদ্যোগকে আঞ্চলিক সম্পর্কোন্নয়নের একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম WION মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে এই পদক্ষেপ।

হুমায়ুন কবির ডব্লিউআইওএনকে বলেন, “আঞ্চলিক বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি প্রধান অঙ্গ। আমরা চাই এ অঞ্চলকে একটি প্রভাবশালী ও সহযোগিতামূলক পরিসরে রূপ দিতে।”
তিনি আরও বলেন, শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে ভারত অগ্রাধিকার পাবে। “সময় কম, তবে আমরা আন্তরিক,”—যোগ করেন তিনি।

এই আমন্ত্রণকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘সৌহার্দ্যের বার্তা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আপনি যখন কাউকে আমন্ত্রণ জানান, তখন তার উপস্থিতি প্রত্যাশা করেন। এটি সদিচ্ছার প্রকাশ।”

প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আঞ্চলিক সহযোগিতায় একটি ‘সুষম নীতি’ গ্রহণ করতে চায়। সার্ক ও বিমসটেকের মতো বহুপক্ষীয় ফোরামকে কার্যকর করার দিকেও গুরুত্বারোপ করা হয়েছে। হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, “এই অঞ্চলকে ঘিরে একটি সমন্বিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা সম্ভব।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “আমাদের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।”

বিশ্লেষকদের মতে, নতুন সরকারের এই কূটনৈতিক বার্তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: ডব্লিউআইওএন, দলীয় সূত্র

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here