লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) ফেসবুকে ক্ষমা প্রার্থনা করে স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ইউসুফ আলী বুলু রাড়ী উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার দেওয়া ফেসবুক পোস্টে লেখা ছিল, “যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।”
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে পারিবারিক সালিশি বৈঠকও হয়েছিল। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, কয়েকদিন ধরে ইউসুফ অসংলগ্ন আচরণ করছিলেন।
স্থানীয়দের দাবি, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের যেকোনো সময় হতাশার জের ধরে তিনি আত্মহত্যা করেন। হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ঘটনাটির বিস্তারিত কারণ অনুসন্ধান করছে।
সূত্র: স্থানীয় পরিবার ও হাজীমারা পুলিশ ফাঁড়ি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











