Home রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে সিলেট থেকে বিএনপির নির্বাচনি প্রচার শুরু, আবু সাঈদের প্রতি শ্রদ্ধা

24
0
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রচারের প্রথম দিনেই দলটির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে দেশব্যাপী নির্বাচনি কার্যক্রমের সূচনা করছেন।

বুধবার প্রতীক বরাদ্দ শেষে আজ থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিনের কর্মসূচিতে তারেক রহমান ছয়টির বেশি জেলায় নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। এসব জেলা হলো—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

বুধবার রাজধানীর গুলশান–২–এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, বুধবার রাতেই বিমানে সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সফর শুরু করবেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান। এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে অংশ নেবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরও একটি সমাবেশে যোগ দেবেন তিনি।

দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। সেখান থেকে নরসিংদী পৌর পার্কসংলগ্ন সমাবেশে অংশ নেবেন তিনি। পরে ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি সমাবেশে যোগ দিয়ে ঢাকায় ফিরে আসবেন বিএনপির চেয়ারম্যান।

মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে এর আগে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং তারেক রহমানের নানির কবর জিয়ারতসহ কয়েকটি কর্মসূচি বাতিল করা হয়েছিল। কারণ, এসব কর্মসূচিকে ঘিরে বড় ধরনের জনসমাগম হওয়ার আশঙ্কা ছিল।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে দলের ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নের অংশ হিসেবেই তারেক রহমানের সফরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হচ্ছে। সিলেট সফরে তার সঙ্গে থাকছেন আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনি প্রচারের প্রতিটি কর্মসূচিতে শহীদ আবু সাঈদসহ আন্দোলনে নিহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here