জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্তের কথা জানায়। এ সময় দেশের সব ব্যাংকে লেনদেনসহ সকল ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়। একইসঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকালীন এই ছুটির মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহজ হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











