
অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই এলিট বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,
“বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পোশাকও প্রস্তুত করা হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর কাঠামো ও অপারেশনাল কৌশলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এই বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরবর্তীতে এটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নামে আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই বাহিনী দীর্ঘ ২২ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দীর্ঘ সময় পর এই নাম পরিবর্তনকে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। নতুন নাম ও কাঠামোর মাধ্যমে বাহিনীটির কার্যক্রমে স্বচ্ছতা ও পেশাদারিত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










