নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৯ রানের বড় জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ড ৮ উইকেটে থামে ১২৬ রানে।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সোবহানা মোস্তারি। তিনি ৪২ বলে ৯টি চার ও একটি ছক্কায় করেন ৫৯ রান। ওপেনার জুরাইয়া ফেরদৌস খেলেন ৪৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৬ রানের ঝকঝকে ইনিংস। এই দুই ব্যাটারের শতরানের জুটি ম্যাচের ভিত গড়ে দেয়।
এর আগে ব্যাটিংয়ের শুরুতেই শূন্য রানে আউট হন দিলারা আক্তার। ১২ রান করে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুথাওং নেন ৩ উইকেট, অনিচা ২টি এবং ফানিথা মায়া নেন ১ উইকেট।
জবাবে থাইল্যান্ডের কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার নাত্তাকান চান্তাম সর্বোচ্চ ৪৬ রান করেন। অধিনায়ক নারুয়েমল চাইওয়াই করেন ৩০ রান এবং নান্নাপাত কনচারোয়েনকাই করেন ২৯ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার ছিলেন সবচেয়ে সফল—নেন ৩ উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট, আর ফাহিমা খাতুন নেন ১ উইকেট।
পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি সকাল ৯টা ১৫ মিনিটে।











