পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় নিতাই বাওয়ালীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রাতের নির্জনতায় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক ৫০ হাজার টাকা নগদ লুট করে নেয়।
ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীরা কোনোভাবে নিজেদের মুক্ত হয়ে স্থানীয়দের খবর দেন। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে সহযোগিতা করেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দশমিনা থানা-র অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: স্থানীয় সূত্র ও দশমিনা থানা।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











