অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টে এই প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ এসেছে আফগান তরুণদের সামনে।
বুধবার (আজ) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ম্যাচটি আফগানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জয় পেলেই তারা প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলার গৌরব অর্জন করবে।
সেমিফাইনালে জয় পেলে শুক্রবার হারারে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। ওই ম্যাচে জয় পেলে বিশ্ব ক্রিকেটে আরেকটি নজির স্থাপন করবে দলটি।
সুপার সিক্স পর্বে শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী আফগান শিবির এখন তাকিয়ে আছে ঐতিহাসিক এক সাফল্যের দিকে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই টুর্নামেন্টে আফগান অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স ভবিষ্যৎ ক্রিকেটের জন্য বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











