Home জাতীয়

ফ্যাসিবাদের পরিণতির কথা স্মরণ করিয়ে নির্বাচনী সতর্কতা

3
0
খুলনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
খুলনায় নির্বাচনী আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত ১৬ বছর অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল। রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র পক্ষপাতিত্বের মাধ্যমে সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছিল, যার ফলে জনগণের ভোটাধিকার হরণ হয় এবং একনায়কতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে।

তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রজনতা ফ্যাসিবাদ থেকে মুক্তির পথ তৈরি করেছে। সেই সময়ের সহায়তাকারী ও পক্ষপাতদুষ্ট অনেকেই আজ চাকরিচ্যুত, পলাতক, কারাবন্দি কিংবা আইনের মুখোমুখি—এ বাস্তবতা সবাইকে মনে রাখতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ নির্বাচনের প্রতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনেক। সামান্যতম ভুল বা বিচ্যুতি যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ভোটকেন্দ্রে অনিয়ম বা ব্যালট বাক্স ছিনতাই হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারসহ সবাইকে আইনের আওতায় আনা হবে।

নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এনটিএমসি প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ–২০২৬’ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, খুলনা বিভাগের নির্বাচনি প্রস্তুতি সন্তোষজনক। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং অপতথ্য থেকে বিরত থাকার অনুরোধ করেন।

 

সূত্র

খুলনা বিভাগীয় প্রশাসন / স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here