কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবের অভিযোগকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এর জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবদাতাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখতে তাকে তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, কোনো প্রলোভনেই তিনি তার অবস্থান থেকে সরে আসবেন না।
তার এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। পরে বিষয়টি ২৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে এবং জনস্বার্থে এ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন













