সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, পানিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং দেশাত্মবোধক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। সব মিলিয়ে জগন্নাথপুরে দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
রিপোর্ট : মুবিন উদ্দিন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন













