দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বৈঠক শেষে জানানো হয়, দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে এবং পরদিন শনিবার ঈদ উদযাপিত হবে।
ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামাত নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে ঈদ উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। রাজধানী থেকে গ্রামে ছুটছেন লাখো মানুষ। পাশাপাশি ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থাও রাখা হয়েছে।
সারা দেশে ঈদকে ঘিরে আনন্দ, উৎসব ও ধর্মীয় আবহে প্রস্তুত সবাই।
সূত্র:
ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটি
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন












