ভারতে কারাবন্দি অবস্থায় মৃত্যুর ৩৮ দিন পর কুড়িগ্রামের বাসিন্দা খাইরুজ্জামালের মরদেহ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খাইরুজ্জামাল (৪২) কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল্লার ছেলে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেন তিনি। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। টানা ৩৮ দিনের প্রচেষ্টার পর কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পরে বৃহস্পতিবার রাতে নিজ গ্রাম পশ্চিম কালুডাঙার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
উলিপুর থানার ওসি সাইদ ইবনে সিদ্দীক জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাতেই দাফন সম্পন্ন হবে।
সূত্র:
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন












