জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযানে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে Ministry of Interior Qatar। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভ্রান্তিকর তথ্য ধারণ, প্রচার এবং বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তবে তাদের পরিচয় বা তারা কী ধরনের তথ্য প্রচার করেছিলেন—সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কাতারের আইন অনুযায়ী, ডিজিটাল প্ল্যাটফর্ম বা গণমাধ্যমে কোনো অপ্রমাণিত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযানের মাধ্যমে সরকার অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক বার্তা দিতে চায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে মধ্যপ্রাচ্যের অনেক দেশই সাম্প্রতিক সময়ে কঠোর আইন ও নজরদারি বাড়িয়েছে।
সূত্র: Al Jazeera
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











