আলোচিত বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি ৬৬ বছর বয়সী এই অভিনেত্রীকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে—তিনি নাকি আবারও মা হতে চলেছেন।
এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। উল্লেখ্য, কিছুদিন আগেই তার মেয়ে মাসাবা গুপ্তা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এমন সময়েই নীনা গুপ্তাকে নিয়ে এই গুজব ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যে তুমুল জল্পনা তৈরি হয়।
তবে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। গুঞ্জনের প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে তিনি বলেন, “ব্যস, এটাই বাকি ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’!”
প্রসঙ্গত, ‘বাধাই হো’ সিনেমায় নীনা গুপ্তা ৬০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন। সেই জনপ্রিয় সিনেমার প্রসঙ্গ টেনেই তিনি গুজবটিকে রসিকতার ছলে উড়িয়ে দেন।
মূলত অভিনেত্রী রাশমিকা মান্দান্না ও বিজয় দেবরকোণ্ডার রিসেপশন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত হয়। সেদিন শাড়ি পরা অবস্থায় নীনা গুপ্তার পেট কিছুটা উঁচু দেখাচ্ছিল। অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ বলে ধরে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করতে শুরু করেন।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে নীনা গুপ্তা বলেন, “এটা কোনো ‘বাধাই হো’-এর ঘটনা নয়, আমি গর্ভবতীও নই। আসলে শাড়ির কাপড়টা একটু মোটা ছিল, তাই আমাকে ও রকম দেখাচ্ছিল।”
পরে রসিকতার সুরে তিনি আরও বলেন, “এই বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এমন জল্পনা হওয়াটা আমার ভালোই লেগেছে। এতে বোঝা যায়, আমরা একটি জাতি হিসেবে বদলাচ্ছি।”
উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে একসময় বেশ আলোচনায় ছিলেন নীনা গুপ্তা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই জন্ম নেন তাদের মেয়ে মাসাবা গুপ্তা। যদিও পরবর্তীতে রিচার্ডস নিজের পরিবারে ফিরে যান। এরপরও গর্ভপাতের সিদ্ধান্ত না নিয়ে একাই মেয়েকে বড় করে তোলেন নীনা গুপ্তা।
২০২৩ সালে নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসের মেয়ে মাসাবা গুপ্তার বিয়ে সম্পন্ন হয়।
সূত্র: ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











