পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ রোববার (৮ মার্চ) ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধা এবং সার্ভারের ওপর চাপ কমাতে শতভাগ অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া অঞ্চলভেদে দুই ধাপে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।
ঈদ উপলক্ষে যাত্রীদের বাড়ি ফেরা সহজ করতে নির্ধারিত সূচি অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। এর আগে গত ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ যথাক্রমে ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে।
এছাড়া ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের অগ্রিম টিকিট।
ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। ওইদিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে টিকিট সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছে।
সূত্র: বাংলাদেশ রেলওয়ে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











