Home সারাদেশ

ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে চারজন গ্রেফতার

8
0
ছবি সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে যাওয়ার পথে তিন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকালে ডিএমপির কলাবাগান থানাধীন স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—রুনা বেগম (৫০), জনতা বেগম (৬৫), আকছারী খানম উর্মি (১৮) এবং সোহেল মিজি (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, স্কয়ার হাসপাতালের সামনে কলাবাগান থানা পুলিশের কিলো-২৬ নিয়মিত ডিউটি চলাকালে দায়িত্বরত সদস্যরা দেখতে পান তিনজন নারী ও একজন পুরুষ ফুলের তোড়া হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করছেন।

এ সময় পুলিশ সদস্যরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন বলে জানান।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পরে নারী পুলিশের উপস্থিতিতে যথাযথ শালীনতা বজায় রেখে তাদের কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ফুলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারদের রিমান্ডের আবেদন করা হবে। তবে তাদের পেশা বা আওয়ামী লীগের কোনো পদ-পদবি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: কলাবাগান থানা পুলিশ।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here