ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের পরিচালিত ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌসম্পদ ও সামরিক সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।
তিনি আরও জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এক ঘটনায় ইরানি বাহিনীর হামলায় একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত হানলে সেখানে প্রায় ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হন বলে দাবি করা হয়।
এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
সংস্থাটি আরও জানায়, ইরানি নৌবাহিনী চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর জাহাজটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায় বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনের জবাব হিসেবেই ‘ট্রু প্রমিজ ৪’ অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের মতে, এই অভিযানের মাধ্যমে ইরানি বাহিনী নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











