পারস্য উপসাগরের উত্তর দিকে একটি মার্কিন ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী মঙ্গলবার সকালে ওই মার্কিন ট্যাংকারে হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ওই পথ দিয়ে যদি এ ধরনের কোনো জাহাজ চলাচল করতে দেখা যায়, তাহলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তাদের দাবি, চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে ইরানের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন এই পথ দিয়েই হয়ে থাকে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের সাম্প্রতিক সামরিক উত্তেজনা পারস্য উপসাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











