Home রাজনীতি

নির্বাচন নিয়ে প্রশ্ন, দুই উপদেষ্টাকে ‘মীরজাফর’ বলল জামায়াত

7
0
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করে সাবেক অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে ‘মীরজাফর’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, দেশের অন্তত ৫৩টি আসনে ভোটগ্রহণ নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রমাণ মিলেছে বলে দাবি করেন তিনি। তার মতে, ওই বক্তব্য পরোক্ষভাবে নির্বাচনে কারচুপির অভিযোগকে আরও জোরালো করেছে।

আব্দুল্লাহ তাহের বলেন, নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত সাবেক উপদেষ্টাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ‘লন্ডন ষড়যন্ত্র’-এর অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন এবং তিনি অতীতে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন। তার দাবি, নির্বাচনের আগে ও পরে বিভিন্ন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তাকে মন্ত্রী করা হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি, যা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে মত দিলেও বর্তমান সরকার সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসছে। পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

ডেপুটি স্পিকার পদ প্রসঙ্গে আব্দুল্লাহ তাহের বলেন, সংবিধানের আলোকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব এলে বিষয়টি বিবেচনা করবে জামায়াতে ইসলামী। তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের উদ্যোগ দেখতে চায় দলটি।

সূত্র: গণমাধ্যম প্রতিবেদন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here