Home সর্বশেষ

সকাল ৯টায় ডেস্কে বাধ্যতামূলক উপস্থিতি

4
0
ছবি সংগৃহীত।

সরকারি সেবাকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসকক্ষে অবস্থান করা বাধ্যতামূলক।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তিগত কাজ, অননুমোদিত সেমিনার বা অন্য কোনো অজুহাতে এ সময় ডেস্কে অনুপস্থিত থাকা যাবে না। জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয় নির্দেশমালা ২০২৪ এবং সরকারি কর্মচারী বিধিমালা ২০১৯ অনুযায়ী এ পদক্ষেপ কার্যকর করা হবে। অফিসের শুরুতেই উপস্থিতি নিশ্চিত করলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করছে প্রশাসন।

তবে জরুরি সেবা ও মাঠপর্যায়ের দায়িত্বে থাকা কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রশাসনিক দায়িত্বে না থাকা শিক্ষক, হাসপাতাল ও জেলখানার রোস্টার ডিউটি কর্মী, সংবাদমাধ্যম ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ভিভিআইপি প্রটোকল বা জরুরি দুর্ঘটনা মোকাবিলায় নিয়োজিতরা।

এছাড়া কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করা যাবে না। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করে প্রশাসনকে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র ও সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here