রাজবাড়ীতে পাওনা টাকার জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলায় এজাহারনামীয় আসামি শিখন (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব কর্তৃপক্ষ।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭)-এর ওপর হামলা চালায় আসামিরা। পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।
এর ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার মধুখালী থানার মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি শিখনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিখন রাজবাড়ীর লক্ষ্মীকোল সিলিমপুর এলাকার রাজ্জাকের ছেলে।
এর আগে এই মামলার প্রধান আসামি রাতুল (২৮) কে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











