বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলাম-এর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নন্দীগ্রাম পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে সহিংসতার ঘটনা ঘটে। এতে মাঝগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানা-য় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দুই নেতাকেও আসামি করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











