কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩৬ নং উত্তর আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বিদ্যালয়ের এক শিক্ষার্থী শান্তনা আক্তার স্কুল ভবনের নিচতলা থেকে উপরে ওঠার সময় প্রধান শিক্ষক তাকে একটি নির্জন স্থানে নিয়ে আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থী চিৎকার করলে সে সেখান থেকে সরে গিয়ে বাসায় ফিরে বিষয়টি তার মাকে জানায়।
পরিবারের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত শিক্ষক অর্থ প্রস্তাব করেছিলেন। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে সহকারী শিক্ষক মোঃ কামাল আহমেদও ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করেছেন।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সূত্র: ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











