বগুড়ার প্রত্যন্ত এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে জাতীয় সংসদ সদস্য হয়ে এবার মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন মীর শাহে আলম। মঙ্গলবার তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। একইদিন আবদুল মহিত তালুকদার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মীর শাহে আলম এক লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।
১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন মীর শাহে আলম। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান এবং এবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সর্বশেষ ১৯৯১ সালে বগুড়া থেকে প্রতিমন্ত্রী হয়েছিলেন অ্যাডভোকেট মজিবর রহমান। দীর্ঘ ৩৫ বছর পর আবারও মন্ত্রিত্ব পাওয়ায় জেলায় উচ্ছ্বাস বিরাজ করছে।
অন্যদিকে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসন থেকে আবদুল মহিত তালুকদার এক লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা ও বড় ভাই পূর্বে এ আসনের সংসদ সদস্য ছিলেন।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে জেলা বিএনপির সহ-সভাপতি মোরশেদ মিল্টন দুই লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বগুড়াবাসী আশা করছেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা জেলার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন, কর্মসংস্থান সৃষ্টি, রেলপথ উন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে কার্যকর ভূমিকা রাখবেন।
সূত্র: নির্বাচন ফলাফল, স্থানীয় বিএনপি ও জেলা সূত্র।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











