জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেও আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রবিবার রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, তারেক রহমান তার আবাসিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন, যা জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে তিনি মনে করেন।
জামায়াত আমির বলেন, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার কথা তুলে ধরেন এবং ১১ দলীয় জোটের সঙ্গে সমন্বয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও জানান, বৈঠকে তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলীয় কর্মী ও সংখ্যালঘুদের ওপর হামলা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসকে তিনি সাধুবাদ জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, তবে জবাবদিহিতার প্রয়োজন হলে দল সোচ্চার থাকবে। সংঘাত নয়, সংশোধন ও গঠনমূলক ভূমিকা রাখাই তাদের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











