ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে ‘মই’ প্রতীকে ভোট প্রদানকারী ভোটারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ধন্যবাদ জানান। একই সঙ্গে বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে অভিনন্দন জানান।
বিবৃতিতে মনীষা চক্রবর্তী বলেন, ‘মই’ প্রতীকে ভোট প্রদানকারী সব ভোটারের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি বিজয়ী প্রার্থীকেও শুভেচ্ছা জানান এবং বরিশাল-৫ আসনের সকল মানুষের প্রতি শুভকামনা প্রকাশ করেন।
তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ ১৭৬টি কেন্দ্র ও পোস্টাল ভোটসহ মোট ২২ হাজার ৪৮৬টি ভোট পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব ভোটার প্রথাগত রাজনীতির বাইরে বিকল্প রাজনীতির প্রতি আস্থা রেখেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তরুণ ভোটার, শিক্ষিত মধ্যবিত্ত, নারী ও শ্রমজীবী জনগোষ্ঠীর সমর্থন দলকে ভবিষ্যতে সাংগঠনিক শক্তি বাড়াতে উৎসাহিত করবে।
মনীষা চক্রবর্তী জানান, পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণকারী মানুষদের শক্তিকে সামনে রেখে আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী করার প্রত্যয়ে তারা কাজ করবেন।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











