ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসন থেকে বিজয়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্যসচিব আখতার হোসেন তার নির্বাচনি এলাকার হারাগাছ ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিকাল থেকে হারাগাছে বিএনপির নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির কর্মীদের ধরে ধরে আক্রমণ করছে।
পোস্টে আখতার হোসেন লেখেন, “বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে।”
তিনি আরও অভিযোগ করেন, একাধিক বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয়েছে। মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, “ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।”
তবে এ অভিযোগের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এলাকায় পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র:
আখতার হোসেনের ফেসবুক পোস্ট।