১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, তার দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। তার দাবি, পঞ্চগড়-১ আসনের বিভিন্ন এলাকায় প্রায় ৩০টির বেশি স্থানে হামলা ও হুমকির ঘটনা ঘটেছে।
সার্জিস আলম বলেন, “এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনও পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না—তা দলটির স্পষ্ট করা উচিত। তিনি দাবি করেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই তারা রাজনীতিতে এসেছেন।
ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে সার্জিস বলেন, যারা অতিউৎসাহী হয়ে সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের সংশোধনের আহ্বান জানাচ্ছি। তিনি সবাইকে অতীত থেকে শিক্ষা নিয়ে সহনশীল রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানান।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র:
সার্জিস আলমের ভেরিফায়েড ফেসবুক পোস্ট।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











