
উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির সকালেই নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে, খুলেছে বেশ কিছু বিপণিবিতানও।
সরেজমিনে ধানমন্ডি, লালবাগ, রমনা ও তেজগাঁও এলাকা ঘুরে দেখা যায়, কয়েকদিনের থমথমে পরিবেশ কাটিয়ে জনজীবন সচল হতে শুরু করেছে। যদিও ছুটির দিনের প্রভাব থাকায় গণপরিবহনে যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলক কম, শপিংমলগুলোতেও ক্রেতার উপস্থিতি সীমিত ছিল।
নির্বাচন শেষে সকাল থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক—সবখানেই ঝুলন্ত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করতে দেখা যায় কর্মীদের।
ফার্মগেট এলাকায় দায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মী ফারুক জানান, দ্রুততম সময়ের মধ্যে শহরকে নির্বাচনি পোস্টার ও আবর্জনামুক্ত করার নির্দেশনা রয়েছে তাদের ওপর।
এদিকে কেবল সিটি করপোরেশন নয়, নিম্ন আয়ের অনেক মানুষকেও দেখা গেছে নিজেদের উদ্যোগে বড় বিলবোর্ড ও ফেস্টুন থেকে কাঠ ও বাঁশ সংগ্রহ করতে। মিরপুর এলাকায় আয়শা খাতুন নামে এক নারীকে শিশুসন্তানসহ কাঠ সংগ্রহ করতে দেখা যায়। তাদের ভাষ্য, এসব কাঠ জ্বালানি বা পুনর্ব্যবহারের কাজে লাগানো যাবে।
নির্বাচনের উত্তাপ পেরিয়ে রাজধানী এখন ধীরে ধীরে ফিরছে দৈনন্দিন ব্যস্ততায়। প্রশাসনের পক্ষ থেকে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার কথাও জানানো হয়েছে।
সূত্র:
সরেজমিন পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট সূত্র।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










