ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী। এসময় তার ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি ওই কেন্দ্র পরিদর্শনে যান এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এসময় মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ করেন নাসিরুদ্দীন পাটওয়ারী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে সেনাবাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসিরুদ্দীন পাটওয়ারীকে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে নাসিরুদ্দীন পাটওয়ারী ভোট ডাকাতি ও হামলার অভিযোগ তোলেন। তিনি লেখেন, “মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি চলছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।”
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
তবে এ বিষয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: Face The People
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











