চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে সাড়ে ১০ লাখ ৫০ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার পর চন্দনাইশ পৌরসভার আবদুল বারী হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই ব্যক্তির দাবি, তারা ওই আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের সমর্থক। তাদের ভাষ্য অনুযায়ী, জব্দ করা নগদ অর্থ প্রার্থীর পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রাক্কালে নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে সাড়ে ১০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটকের পর বিষয়টি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য মাইক্রোবাসসহ আটক ব্যক্তিদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র
সেনাবাহিনী সূত্র | স্থানীয় প্রশাসন
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











