
ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক অভিযানে একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকালে স্থানীয় যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বদরুল আমীনের গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। তারা আরও জানান, গত কয়েকদিন ধরে দিদারুল আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি তার খামারে রাখা হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধারকৃত পিস্তল ও অন্যান্য সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের বিষয়টি শুনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র
স্থানীয় সূত্র | ফেনী আর্মি ক্যাম্প | ফেনী মডেল থানা
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










