
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, সিইসির ভাষণটি আগেই রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে।
ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাতে পারেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এবার সারা দেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে জাতির উদ্দেশে এই ভাষণ দিচ্ছেন তিনি।
সূত্র
নির্বাচন কমিশন (ইসি) | কমিশন সূত্র
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










